| ছবি: সংগৃহীত
খুলনায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশনা দিয়ে একটি চিঠি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে চিঠি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র। শুক্রবার (৯ অক্টোবর) রাতে পুলিশ সুপার, ডিএসবি স্বাক্ষরিত ওই চিঠিটি যমুনা টেলিভিশনের হাতে এসেছে। শনিবার (১০ অক্টোবর) চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। চিঠিতে বলা হয়েছে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে চিঠি দেওয়ার বিষয়টি অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, ডিএসবি কার্যালয় থেকে এ ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি। চিঠিটি কোথা থেকে এবং কীভাবে এসেছে, তা তাঁর জানা নেই। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে খুলনা মহানগরের পশ্চিম রূপসা এলাকায় কলেজিয়েট গার্লস স্কুলের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। জানা গেছে, ওই রাতে রূপসা উপজেলায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান শেষে ঘাট পার হয়ে রিকশায় পুলিশ ক্লাবে ফিরছিলেন তিনি। এ সময় সাদা পোশাকে থাকা শাহ আলমের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। তিনি বাধা দিলে তাঁর দুই হাতে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে আহত পুলিশ পরিদর্শককে জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার পরই জেলা ডিএসবির পুলিশ সুপার স্বাক্ষরিত চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।