| ছবি: সংগৃহীত
হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে প্রাইভেট বা বেসরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এদিকে দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-বিষয়ক তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত ৯০২টি শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে হামের সরাসরি সংক্রমণে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৮০৩টি শিশু।