প্রকাশ : ... | ... | ...

দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো এমপি গাজী নজরুলকে


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুল। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সালাউদ্দিন রিমান্ড শেষে নজরুলকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, তার আইনজীবী মাহবুবুল ইসলাম জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ। এ সময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। ঘর থেকে কয়েকটি চিরকুটও পাওয়া যায়। এ ঘটনায় পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।