| ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তবে তাঁকে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসনিক বিষয় উল্লেখ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশ অনুযায়ী, ওই দিন অপরাহ্নে জাহাঙ্গীর আলমকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। জাহাঙ্গীর আলম শাহ আলী থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে প্রত্যাহারের আদেশে প্রশাসনিক কারণের কথা বলা হলেও এর সঙ্গে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার কোনো সরাসরি যোগসূত্র উল্লেখ করা হয়নি। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে। এ সময় দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে তারা। হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্র থেকে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থা এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই শাহ আলী থানার ওসিকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো।