| ছবি: সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হওয়া প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে। বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়, কলকাতা, পাটনা ও হায়দরাবাদে রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলো বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সেখানে মিছিল শুরুর আগেই অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানেও বিক্ষোভকারীদের ওপর পুলিশি নজরদারি ও আটকের ঘটনা ঘটেছে। সেখানে এক নারী আন্দোলনকারীকে আটক করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চেন্নাইয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) ও অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশনের (এআইওয়াইএফ) কর্মীরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। অন্যদিকে, চণ্ডীগড়ে আম আদমি পার্টি (আপ) ও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে সংহতি মিছিলের ডাক দিয়েছেন। পাশাপাশি পাটনা ও হায়দরাবাদেও ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেছে। দিল্লির ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোও নিন্দা জানিয়েছে। রাজধানীর বাইরে একাধিক শহরে প্রতিবাদ ছড়িয়ে পড়ায় নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও বিস্তৃত হয়েছে।