| ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘে ভাষণের আগে নিউইয়র্কে আয়োজিত বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন ও ‘হ্যাকস’ তারকা হান্না আইনবাইন্ডারসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। ‘জিউইশ ভয়েস ফর পিস’ বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীদের হাতে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ এবং ‘গণহত্যা বন্ধ করো’ লেখা ব্যানার ছিল। একপর্যায়ে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির ফুটেজে সুসান সারান্ডনকে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যরা হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়। ‘নিউইয়র্ক পোস্ট’ জানিয়েছে, হান্না আইনবাইন্ডারকেও বিক্ষোভস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে কতজনকে মোট আটক করা হয়েছে, তা পুলিশ জানায়নি। এনওয়াইপির এক মুখপাত্রের ভাষ্য, একটি ‘অননুমোদিত বিক্ষোভে’ সড়কের সংযোগস্থল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর সদস্যরা বিক্ষোভকারীদের সরে যেতে সতর্ক করেছিলেন। পরে সড়ক অবরোধ করে রাখায় নির্দেশ অমান্যকারীদের কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসেও ছিলেন। এদিকে নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ শুরু করার সময় বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ভাষণে তিনি ব্রিটেন ও ফ্রান্সসহ ইসরায়েলের সমালোচনাকারী কয়েকটি দেশের সমালোচনা করেন। সুসান সারান্ডন দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে মতামত দিয়ে আসছেন। চলতি মাসে ভেনিস চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের তিনি বলেছিলেন, নিজের মতামতের কারণে সম্প্রতি তিনি কাজ হারিয়েছেন। হান্না আইনবাইন্ডারও ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলেছেন। চলতি বছরের শুরুতে কান চলচ্চিত্র উৎসবে তিনি বলেছিলেন, ফিলিস্তিনের পক্ষে কথা না বলার মূল্য তাঁর হলিউড ক্যারিয়ার হারানোর চেয়েও বেশি।