| ছবি: সংগৃহীত
ভারতের কর্ণাটকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিক্ষোভ শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত এ কর্মসূচিকে আয়োজকরা ‘ভোট চুরি’র বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তুলে ধরেছেন। বিক্ষোভে সিজেপি নেতাদের সঙ্গে যোগ দেন অভিনেতা প্রকাশ রাজ ও ইউটিউবার ধ্রুব রাঠী। কর্মসূচিতে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়ে ভিডিও প্রমাণও প্রদর্শন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে একটি পিপলস ট্রাইব্যুনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরবেন। এরপর ‘চপ্পল প্রতিবাদ’ বা জুতা ছুড়ে মারার কর্মসূচিও হওয়ার কথা রয়েছে। বিক্ষোভস্থলে দেওয়া বক্তব্যে প্রকাশ রাজ ভোটারদের প্রতি রাজনীতিবিদদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘তারা দেশের ভোটারদের অপমান করেছে। পাঁচ বছরে মাত্র একবারই এই রাজনীতিবিদরা আমাদের কাছে আবেদন নিয়ে আসেন। আর এখন আমাদের নিজেদের ভোটের জন্য আমাদেরকেই তাদের কার্যালয়ের সামনে ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে।’ এর আগে বুধবার ফ্রিডম পার্কের কর্মসূচিতে নিজের উপস্থিতির কথা জানান প্রকাশ রাজ। পরে ধ্রুব রাঠীও বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জেএনইউ ছাত্রনেতা ঐশী ঘোষ, নেহা বোরা, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং যুব ও সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিদেরও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। অভিজিৎ দীপকে জানান, ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ (সেভ আওয়ার ভোটস, সেভ ডেমোক্রেসি) স্লোগানের অধীনে ফ্রিডম পার্কে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ধ্রুব রাঠী ও প্রকাশ রাজও এতে অংশ নেবেন বলে তিনি ঘোষণা করেছিলেন। সিজেপি ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর দাবি, এসআইআর চলাকালে ভোটার তালিকা থেকে যেসব নাম বাদ দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত বাতিল করে এসআইআর শুরুর আগের ভোটার তালিকা বহাল রাখতে হবে। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছে তারা। এসআইআরকে ঘিরে চলমান কর্মকাণ্ডকে সিজেপি ও তাদের মিত্ররা ‘ভোট চুরি’ হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।