| ছবি: সংগৃহীত
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের একটি ফৌজদারি আদালত এই রায় দেন। আদালত বাশার আল-আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পাশাপাশি নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেন। মামলার আরেক আসামি আতেফ নাজিবের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটকের অভিযোগ আনা হয়। এ ছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে জীবন্ত গুলি ব্যবহারে অংশ নেওয়া এবং আটককেন্দ্রে বন্দীদের ওপর পদ্ধতিগতভাবে গণহত্যা ও নির্যাতন চালানোর অভিযোগও ছিল তার বিরুদ্ধে। নাজিবের বিচার আদালতে তার উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। তবে বাশার ও মাহের আল-আসাদের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে। একই সঙ্গে চতুর্থ ফৌজদারি আদালত তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। আদালতের বক্তব্য অনুযায়ী, তদন্ত এবং সাক্ষীদের দেওয়া জবানবন্দিতে নাজিবের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ২০১১ সালে দারায় বিক্ষোভ শুরু হওয়ার পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত একটি নিরাপত্তা অভিযানে তিনি যুক্ত ছিলেন বলে আদালত জানিয়েছে। সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে ২০২৪ সালে। বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধাদের মাত্র ১১ দিনের অভিযানের পর সরকারের পতন হয়। এরপর বাশার আল-আসাদ মস্কোতে পালিয়ে যান।