প্রকাশ : ... | ... | ...

হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’, বিতর্কিত মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রণালীটির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ উল্লেখ করা একটি মানচিত্র পোস্ট করেছেন তিনি। এমন সময়ে এই পোস্ট এল, যখন যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বন্দর অবরোধ ও কঠোর বিধিনিষেধ প্রত্যাহার, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি মেনে নিলে তেহরান সাত দিনের মধ্যে প্রণালীটি খুলে দিতে প্রস্তুত। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার আগ্রহও প্রকাশ করেছে দেশটি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনা শেষে নিউইয়র্ক ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন। জাতিসংঘে দেওয়া ভাষণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার বিষয়ে ট্রাম্পের হুমকির প্রতিবাদ জানালেও আলোচনার পথ খোলা রেখেছেন তিনি। এদিকে, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। সৌদি আরবের সামরিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি বাহিনী। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। হুতিদের ধারাবাহিক হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। এ বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে প্রতিবেশী ইরাকের বিমান চলাচলেও। নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি বিমান সংস্থাগুলোর জন্য ছাড় পেতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাগদাদ। ধর্মীয় তীর্থযাত্রা, চিকিৎসা ও শিক্ষার মতো মানবিক প্রয়োজন বিবেচনায় কয়েকটি বিমানবন্দরকে নিষেধাজ্ঞার বাইরে রাখার অনুরোধ জানিয়েছে ইরাক। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনযাত্রায় চাপ বাড়াচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড। জর্ডান উপত্যকায় ফিলিস্তিনি গ্রামের পানির পাইপ কেটে নিজেদের সুইমিং পুলে সংযোগ দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে স্থানীয়দের পানির উৎস ব্যবহারের সুযোগ সংকুচিত হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান, উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা এবং পশ্চিম তীরে চলমান সংকট—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।