প্রকাশ : ... | ... | ...

‘এটাই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ’, অবসরের ইঙ্গিত কোহলির


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান বিরাট কোহলি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে ভারতের হয়ে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে উল্লেখ করেছেন এই তারকা ব্যাটসম্যান। ক্যারিয়ারের শেষ বড় আসরে তাঁর লক্ষ্য শিরোপা জয়। আগামী বছরের ৪ থেকে ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ানডে বিশ্বকাপ। ভিন্ন কন্ডিশনে দীর্ঘ টুর্নামেন্টের চাপ সামলানো কঠিন হবে বলে মনে করেন কোহলি। তবে শেষ বিশ্বকাপের প্রেরণাই তাঁকে মাঠে নিজের সর্বোচ্চটা দিতে উৎসাহিত করছে। কোহলি বলেন, ‘সামনের বিশ্বকাপ হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলবে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’ ওয়ানডে বিশ্বকাপে কোহলির ব্যক্তিগত অর্জনের তালিকাও দীর্ঘ। এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৩৭ ইনিংস খেলে ৫৯.৮৩ গড়ে তাঁর সংগ্রহ ১ হাজার ৭৯৫ রান। করেছেন পাঁচটি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হওয়ার পথে শচীন টেন্ডুলকারের রেকর্ড থেকে তিনি পিছিয়ে ৪৮৪ রানে। টেন্ডুলকারের সংগ্রহ ২ হাজার ২৭৮ রান। ২০২৩ সালের সর্বশেষ বিশ্বকাপে ৭৬৫ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন কোহলি। তবে তাঁর মতে, ৫০ ওভারের বিশ্বকাপের চ্যালেঞ্জ অন্য যেকোনো ফরম্যাটের চেয়ে আলাদা। দীর্ঘ সময় ধরে একই মাত্রার তীব্রতা ধরে রাখাকে তিনি বড় পরীক্ষা হিসেবে দেখছেন। কোহলির ভাষায়, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ জুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’ ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিন ফরম্যাটেই ভারতের হয়ে দীর্ঘদিন খেলেছেন কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার সীমাবদ্ধ ওয়ানডেতে। তিন ফরম্যাট মিলিয়ে ৫৬২ ম্যাচে ২৮ হাজার ৩৫৯ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫টি সেঞ্চুরি নিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তাঁর অবস্থান দ্বিতীয়। ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে কোহলির। তবে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আরও একটি শিরোপা জেতাই তাঁর প্রধান লক্ষ্য। এ বিষয়ে কোহলি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’