প্রকাশ : ... | ... | ...

সান্তোস ছাড়বেন কি না, ডিসেম্বরের পর সিদ্ধান্ত নেবেন নেইমার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ছিল। তবে পেশাদার ফুটবল থেকে কবে অবসর নেবেন, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। সোমবার নিজের দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘জানি না কত দিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কত দিন পারব সেটাও নিশ্চিত নই।’ বর্তমানে সান্তোসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। এরপর ক্লাবে থেকে যাওয়ার, অন্য কোথাও যোগ দেওয়ার কিংবা অবসর নেওয়ার সম্ভাবনা খোলা রেখেছেন তিনি। নেইমার বলেন, ‘সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। সম্মানের সঙ্গে শেষটা করতে চাই। এরপর ভেবে দেখব, সান্তোসে থাকব নাকি ছেড়ে অন্য কোথাও যাব কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনো জানি না কী করব, ডিসেম্বর আসতে অনেক দেরি।’ নিজের দাতব্য কার্যক্রম নিয়েও কথা বলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি যা ভালোবাসি, তা মন থেকেই করি। ইনস্টিটিউটটি গড়ে তোলাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’ এদিকে আগামীকাল কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। ম্যাচটি সামনে রেখে নেইমার জানান, তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি বলেন, ‘শারীরিকভাবে বেশ ভালো অনুভব করছি। ধীরে ধীরে নিজের সেরাটা ফিরে পাচ্ছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’