প্রকাশ : ... | ... | ...

এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা বাড়ানোর প্রত্যয়


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তারা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের তথ্য জানান। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় আসে। অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেন তারা। বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বহুমাত্রিক করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোগান। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে মঙ্গলবার তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। এর মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যৎ অংশীদারত্বের ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে। রোহিঙ্গা সংকটও প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের আলোচনায় উঠে আসে। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাক্ষাতে সংকটটির টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন তারেক রহমান। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান তিনি। হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বাড়ানো এবং সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মোচনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।