| ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। এর মধ্যে রয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজ। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। এতে জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন। আন্তর্জাতিক এই আয়োজনের লক্ষ্য ছিল বিশ্বনেতাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করা। নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে সফররত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে বিশেষ প্রাতরাশের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে আয়োজিত দুটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে বাংলাদেশের অংশগ্রহণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।