| ছবি: সংগৃহীত
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য। ওই দিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। আখতার আহমেদ জানান, ভোটগ্রহণ শুরু হবে দুপুর ২টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। সংসদ সদস্যরা তিনটি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন। ভোটগ্রহণের দিনই রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে বলে জানান ইসি সচিব। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের ২০ সদস্যের একটি দল দায়িত্ব পালন করবে। ভোটগ্রহণের আয়োজন থেকে শুরু করে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলো নিয়েই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠকে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের কোনো বিশেষ অধিবেশন না থাকায় নির্বাচন কমিশনের বৈঠক আহ্বানের বিষয়ে মঙ্গলবারই গেজেট প্রকাশ করা হবে বলেও জানান আখতার আহমেদ।