| ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিব এবং রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে অংশ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে মূলত একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনার কারণে। এরই মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এর আগে রোববার জামায়াত জোট অলি আহমদের নাম ঘোষণা করার পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে ইসি। সোমবার এ বিষয়ে অনির্ধারিত বৈঠকও করে কমিশন। মঙ্গলবারের বৈঠকটি সেই প্রস্তুতিরই পরবর্তী ধাপ। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হলে এবার দ্বিতীয়বারের মতো ভোট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে ১৯৯১ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। তবে জাতীয় পার্টি, জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা ওই নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন। পরবর্তী সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবারও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হবে—এমন ধারণা ছিল অনেকের। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ঘোষণার পর সেই পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবারের বৈঠকে সংসদ ভবনে ভোট আয়োজনের বিভিন্ন প্রস্তুতি ও রাষ্ট্রপতি নির্বাচনের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।