| ছবি: সংগৃহীত
দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবার চিহ্নিত করতে সোমবার (১২ অক্টোবর) থেকে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থার তথ্য নেবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে কোন পরিবারগুলো অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পাবে, তা নির্ধারণ করা হবে। ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ অর্থ দাবি করলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার। এ কর্মসূচির জন্য কোনো টাকা দিতে হবে না। কেউ কার্ডের তালিকায় নাম তোলার বিনিময়ে টাকা চাইলে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানাতে বলা হয়েছে। তথ্য সংগ্রহের সময় পরিবারের সব সদস্যের তথ্য সঠিকভাবে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পরিবারের প্রবীণ ও প্রতিবন্ধী সদস্যদের তথ্য যেন বাদ না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য, পরিবারের আর্থিক ও সামাজিক পরিস্থিতির তথ্যের ভিত্তিতে সহায়তা পাওয়ার অগ্রাধিকার নির্ধারণ করা এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।