| ছবি: সংগৃহীত
সরকার আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে। পাইলট প্রকল্পে ইতিবাচক ফল পাওয়ার পর কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে পর্যায়ক্রমে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মন্ত্রী বলেন, কর্মসূচির তথ্যভান্ডার একটি ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ হিসেবে পরিচালিত হবে। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য নিয়মিত হালনাগাদ ও যাচাই-বাছাই করা হবে, যাতে উপযুক্ত কেউ বাদ না পড়েন এবং অযোগ্য কেউ অন্তর্ভুক্ত না হন। তিনি জানান, ধর্ম, গোত্র বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে সুবিধা দেওয়া বা বঞ্চিত করার সুযোগ থাকবে না। সরকারের অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের নীতির আলোকে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনের পর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে তথ্য সংগ্রহ ও কার্যক্রম শুরু হবে। তবে একযোগে সারা দেশে কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন সমাজকল্যাণমন্ত্রী। জাহিদ হোসেন বলেন, পরিবারের নারী সদস্যদের হাতে সহায়তার অর্থ পৌঁছালে তা শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, কুটিরশিল্প, সেলাই, হাঁস-মুরগি পালন এবং ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের পাশাপাশি গ্রামীণ দারিদ্র্য কমাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সরকারের প্রত্যাশা। তিনি জানান, দেশের ৫৬টি এলাকায় পরিচালিত পাইলট প্রকল্পে সামগ্রিকভাবে ইতিবাচক ফল পাওয়া গেছে। যশোর ও নেত্রকোনার দুটি এলাকায় তথ্য সংগ্রহে কিছু সমস্যা দেখা দিলেও তা সংশোধন করা হয়েছে। বাকি ৫৪টি এলাকায় উল্লেখযোগ্য কোনো সমস্যা পাওয়া যায়নি এবং ত্রুটির হার ৩ শতাংশেরও কম ছিল। মন্ত্রী আরও বলেন, ১৬ আগস্ট থেকে নতুন প্রশ্নমালা ও নতুন পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইনে তথ্য সংগ্রহ শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পৃথক তদারকি ব্যবস্থা থাকবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় তথ্য যাচাই করবে, যাতে একই ব্যক্তি একাধিক ভাতা বা সরকারি সুবিধা গ্রহণ করতে না পারেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কর্মসূচিটির অগ্রগতি নিয়মিত তদারকি করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। একই সঙ্গে গণমাধ্যমে কোনো ত্রুটি বা দুর্বলতা উঠে এলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।