| ছবি: সংগৃহীত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুই সূচকেই গত বছরের তুলনায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ০৪ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ড—নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড—মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। একই সঙ্গে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে ছাত্র ৫২ হাজার ৭৮০ জন এবং ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন। ফলে জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ছাত্রদের চেয়ে ১১ হাজার ১১৬ জন বেশি। গত বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসাবে এবার সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন। ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই গত বছরের তুলনায় নিম্নমুখী চিত্র দেখা গেছে। ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও শুরু হয়েছে ফলাফল নিয়ে আলোচনা। কাঙ্ক্ষিত ফল পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা গেলেও প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়া অনেকে হতাশ হয়েছেন।