প্রকাশ : ... | ... | ...

এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে যে আলোচনা তৈরি হয়, তার পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত চালানো হয়। সেই তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানো হবে। এদিকে দলীয় এই সিদ্ধান্তের পর সংসদ সদস্য হিসেবে গাজী নজরুল ইসলামের ভবিষ্যৎ অবস্থান নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।