প্রকাশ : ... | ... | ...

ক্ষমতা চিরস্থায়ী নয়, জনগণের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখান: শফিকুর রহমান


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা কারও জন্য স্থায়ী নয়। আল্লাহ যাদের ক্ষমতায় বসান, সময়ের ব্যবধানে তাদের ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারেন। তাই ক্ষমতাসীনদের জনগণের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখানো উচিত। সোমবার (১০ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না। ২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য। যারা চাঁদাবাজি ও দখলদারির নেশায় আসক্ত হয়ে মানুষ হত্যা করছে, তারা সমাজের আবর্জনা। সমাজ থেকে এসব আবর্জনা পরিষ্কার করতে হবে।’ তিনি বলেন, বৃহত্তর রংপুরের মানুষকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যারা এ অঞ্চলের মানুষকে বঞ্চিত করবে, তাদের গণদুশমন হিসেবে বিবেচনা করা হবে। দেশের মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরেন জামায়াত আমির। তার বক্তব্য অনুযায়ী, মানুষ বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ চায়। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ থেকে শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।