প্রকাশ : ... | ... | ...

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম নিয়ে প্রতিবাদ, সচিবালয়ের সামনে কর্মসূচি শেষ করল ১১ দলীয় জোট


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে ১১ দলীয় জোট। তবে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বাধা পাওয়ার পর সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতারা। এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্লোগান দেন। কর্মসূচিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই।” তিনি আরও বলেন, “তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন, আমরা তাদের ধন্যবাদ দেবো। কিন্তু ব্যর্থ হলে আমরা বসে থাকবো না। ব্যর্থ হলে আমরা আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচি চলতেই থাকবে।” এ সময় নাহিদ ইসলাম ‘গ্যাস দে, বিদ্যুৎ দে’ স্লোগান দিলে উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে ‘নইলে গদি ছাইড়া দে’ বলে সাড়া দেন। এ স্লোগানকে কেন্দ্র করে প্রায় ১০ মিনিট সচিবালয় এলাকা মুখর থাকে। বেলা দেড়টার দিকে সচিবালয় থেকে কোনো প্রতিনিধি না এলে ডা. শফিকুর রহমান বলেন, “সচিবালয় থেকে এখানে পায়ে হেঁটে আসতে পাঁচ মিনিট লাগে না, সেখানে ১৫-২০ মিনিট চলে গেছে কিন্তু তারা কেউ আসলো না। আমরা ধরে নিচ্ছি তারা ভয় পাচ্ছে।” এরপর তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।