প্রকাশ : ... | ... | ...

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশি নাগরিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসকে হেনস্তার ঘটনায়ও সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, বিদেশে বাংলাদেশি নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। এসব ঘটনায় আইনগত পদক্ষেপও নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন বা রিকনসিলিয়েশনের সম্ভাবনা নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তাঁর মতে, গুরুতর অপরাধের পরও অনুতাপ না থাকায় দলটির সঙ্গে পুনর্মিলনের সুযোগ সীমিত। তিনি বলেন, ‘একটা দল মারাত্মক অপরাধ করেছে, এটা নিয়ে কোনো অনুতাপ নেই। ড. মুহাম্মদ ইউনূস, ববি হাজ্জাজের সাথে তারা কী করেছে? তাদের বিষয়ে কি রিকনসিলিয়েশনের সুযোগ আছে? ক্ষমা চাওয়ার বিপরীতে তারা সহিংসতা উসকে দিচ্ছে। ব্যক্তিগতভাবে তাদের সাথে রিকনসিলিয়েশনের সম্ভাবনা দেখি না।’ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়েও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত দিতে ইতোমধ্যে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে সমস্যা নেই উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে আনা অপরাধের বিচার হওয়া উচিত, যা ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজন। এদিকে, ভারতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশ না নেওয়ার বিষয়টিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না তথ্য উপদেষ্টা। তাঁর ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য কাজ থাকতে পারে, যে কারণে তিনি বৈঠকে যাননি। তবে স্বরাষ্ট্র সচিব বৈঠকে অংশ নিয়েছেন বলে জানান তিনি। এ ঘটনা নিয়ে ভিন্ন কোনো অর্থ খোঁজার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান।