প্রকাশ : ... | ... | ...

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে জানিয়ে নূরুল ইসলাম মনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে ও স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরবো।’ রাষ্ট্রপতি পদে বিএনপি কেমন প্রার্থী বেছে নিতে চায়, সে বিষয়েও দলের অবস্থান তুলে ধরেন তিনি। তার ভাষায়, ‘বিএনপি সব সময় যোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন।’ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলেও জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। ফলে দলীয় আলোচনা ও নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকের পরই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ্যে আসবে।