| ছবি: সংগৃহীত
আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অলি আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। অলি আহমেদের মনোনয়ন যাচাইয়ের সময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইসি। বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।