প্রকাশ : ... | ... | ...

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা: বহিষ্কারের পর পুলিশে সোপর্দ জাবি ছাত্রশক্তি নেতা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রনেতাকে দল থেকে বহিষ্কারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত মো. রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা এবং মূলনীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের দায়ে রাব্বি হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। সংগঠন ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করেছিলেন রাব্বি। বিষয়টি প্রকাশ্যে এলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরবর্তীতে কিছু শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান এবং পরে প্রশাসন তাকে পুলিশের হাতে সোপর্দ করে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম জানান, শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর বিষয়টি কেন্দ্র করে শিক্ষার্থীরা অভিযুক্তকে প্রক্টর অফিসে নিয়ে আসে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আত্মপক্ষ সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন রাব্বি হোসেন। তার দাবি, উক্ত মন্তব্যটি তিনি নিছক ব্যঙ্গাত্মক অর্থে করেছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরাসরি অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার কখনো কোনো সম্পৃক্ততা ছিল না। ঘটনার পর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।