| ছবি: সংগৃহীত
ঢাকায় সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর উদ্যোগ এবং আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগসহ একাধিক বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই। তার ভাষায়, ‘আওয়ামী লীগের নাশকতা করার কোনো মুরোদ নেই । বিদেশে বসে তারা কিছু হুমকি-ধামকি দেয় মাত্র।’ জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে জানিয়ে এ বিষয়ে একটি বৈঠকও ডাকা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে উগ্রবাদী গোষ্ঠী নাশকতা বা অন্য কোনো অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছে। দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা করছে।’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।