প্রকাশ : ... | ... | ...

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং শিক্ষাকার্যক্রম নিয়মিত তদারকি করছেন। বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। নতুন পাঠ্যবইয়ের মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, এবার ভালো মানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিম্নমানের কারণে ইতোমধ্যে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বই বিতরণের পর কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।