প্রকাশ : ... | ... | ...

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’, ১ ডিসেম্বর থেকে প্রচারে নামছে সরকার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী এক বছরব্যাপী প্রচারাভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। কর্মসূচির আওতায় প্রচার-প্রচারণার পাশাপাশি পরিবার পর্যায়ে প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’—এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হবে। এক মাসব্যাপী কর্মসূচিতে র‍্যালি, মেলা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম থাকবে। পাশাপাশি পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক দিন ধরে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছেন। দেশের বিভিন্ন জেলা পর্যায়েও নানা ধরনের কার্যক্রম নেওয়া হবে, যার লক্ষ্য মানুষকে পরিবার পরিকল্পনায় উদ্বুদ্ধ করা। প্রচারাভিযানের পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ওপরও গুরুত্ব দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু মুখে বলব না, সঙ্গে আমরা সব মেটেরিয়াল সাপ্লাই করব। ট্যাবলেট, কন্ট্রাসেপটিভস, প্যাড—পরিবার পরিকল্পনার যা যা আছে, সবকিছু ঘরে ঘরে পৌঁছে দেব।’ সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও বিধিবিধান অনুসরণ করতে হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব প্রক্রিয়ায় সময় লাগে। অতীতে অনেক কাজ করা সম্ভব হয়নি। তবে নতুন করে কাজ শুরু হয়েছে এবং আগামী বছরের শুরু থেকে এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি। দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সরকারের অন্যতম দুর্বল জায়গা হিসেবেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তার ভাষ্য, এ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। জন্মহার কমানোর ক্ষেত্রেও নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।