| ছবি: সংগৃহীত
খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আল হামাদ এন্টারপ্রাইজের মো. কামরুল ইসলাম সাগর সভাপতি, পারুল কনস্ট্রাকশনের মো. জহিরুল ইসলাম কার্যকরী সভাপতি এবং এমএম এন্টারপ্রাইজের মো. ছাইদুজ্জামান মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার (৯ আগস্ট) রাজধানীর খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির কার্যালয়ে ৫১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। সমিতির উপদেষ্টাদের স্বাক্ষরে কমিটিটি ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি মো. কামরুল ইসলাম সাগর দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণ এবং ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মতো জনবান্ধব কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানটির ভূমিকা রয়েছে। সমিতির নেতৃত্বে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সাগর বলেন, যে লক্ষ্য নিয়ে তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে, তা বাস্তবায়নে সবার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দেশের জনগণের স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ঠিকাদারদের কাজ জনস্বার্থে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ঠিকাদার কাজকে জনস্বার্থের সঙ্গে যুক্ত রেখে সঠিক ও আদর্শের জায়গা বজায় রেখে তা সম্পন্ন করবেন বলে তিনি আশা করেন। নবগঠিত কমিটিতে এইচ সি এল এন্টারপ্রাইজের মো. বিপ্লব উল হক বিপ্লবকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এ ছাড়া সহ-সভাপতি পদে ২৩ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪ জন নির্বাচিত হয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক ও অর্থ সম্পাদক পদে একজন করে এবং সদস্য পদে চারজন নির্বাচিত হয়েছেন।