| ছবি: সংগৃহীত
বারবার মাদক মামলায় গ্রেপ্তার ও কারাভোগের পরও অপরাধে জড়িয়ে পড়া চাঁদপুরের কচুয়ার দুই মাদক কারবারিকে সংশোধনের উদ্যোগ নিয়েছে পুলিশ। তাদের তিন দিনের জন্য তাবলিগ জামাতে পাঠানো হয়। সফর শেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে থানায় ফিরে জালাল ও হেলাল মাদক ব্যবসা ও সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন। কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের বাসিন্দা এই দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিভিন্ন মেয়াদে কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় মাদকসংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়তেন। এ পরিস্থিতিতে কেবল মামলা ও শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি তাদের নৈতিক ও মানসিক পরিবর্তনের উদ্যোগ নেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। স্থানীয়দের সহযোগিতায় জালাল ও হেলালকে থানায় ডেকে এনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়। মঙ্গলবার জোহরের নামাজ শেষে তারা কচুয়া থানায় ফিরে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই ব্যক্তি মাদক কেনাবেচা ও সেবন সম্পূর্ণভাবে পরিহারের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে সময় দেওয়ার অঙ্গীকার করেন। ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শুধু আইনি পদক্ষেপ ও মামলা করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য অপরাধীদের নৈতিক ও মানসিক পরিবর্তনও জরুরি। তিনি বলেন, ‘আমরা চাই তারা অপরাধের পথ পরিহার করে সমাজে একজন দায়িত্বশীল ও ভালো নাগরিক হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকুক।’ পুলিশের এই সংশোধনমূলক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে প্রশংসা পেয়েছে।