প্রকাশ : ... | ... | ...

‘মানুষের উপকার হয় এমন কাজই সরকার করতে চায়’: তারেক রহমান


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

কৃষি, মৎস্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য। রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মৎস্যসম্পদ বাড়াতে পর্যায়ক্রমে দেশের সব খালে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। কৃষকদের বিষয়েও সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন তারেক রহমান। তাঁর বক্তব্য, ‘সামর্থ্য অনুযায়ী সরকার কৃষকদের পাশে দাঁড়াবে।’ কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করবে বলেও জানান তিনি। শিক্ষা খাতে নারীদের এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করা হবে। ভালো ফলাফল করা মেয়েদের উপবৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে সারাদেশের দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগের কথা জানান তিনি। সরকারের কাজের লক্ষ্য ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। মানুষের উপকার হয় এমন কাজই সরকার করতে চায়।’ দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ সরকার করবে না বলেও তিনি জানান। দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। তিনি বলেন, যারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তির স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর ভাষ্য, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সামনে রেখেই সরকার কাজ করবে।