| ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম, রুবি ও স্বর্ণালংকারসহ জনি রহমান নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। রোববার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্ব পালনরত সি-শিফটের কর্মকর্তারা নজরদারি শুরু করেন। কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের সম্ভাব্য তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম চালানো হয়। একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জনি রহমানের ব্যাগ স্ক্যান করা হয়। এতে আচারের বয়ামের ভেতর ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ পরীক্ষা করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, হীরা ও অন্যান্য মূল্যবান পাথর জব্দ করেন কর্মকর্তারা। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরা বসানো ১৮ ক্যারেটের ৪৭৮ গ্রাম ওজনের ৩৮৯টি স্বর্ণের আংটি, ৪৫০ গ্রাম ওজনের ১৫১টি প্লাটিনামের আংটি, হীরা বসানো সাদা স্বর্ণের অলংকার, রুপার আংটি, স্বর্ণের লকেট, চেইন ও ৪৭২টি স্বর্ণের নাকফুল। এ ছাড়া ৪৫ ক্যারেটের হীরা, পোখরাজ, রুবি ও অন্যান্য ধরনের মোট ৭২০টি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়ন অনুযায়ী, এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।