প্রকাশ : ... | ... | ...

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমীরা। শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি কারখানা কর্তৃপক্ষ। গত ১০ অক্টোবর বেতনের দাবিতে আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর গত মাসের বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল। বুধবার বেতন পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি। শ্রমিকদের দাবি, টাকা না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছিল। এর মধ্যে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে তারা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ। শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকেরা ওই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যান। একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল পুনরায় শুরু হয়। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা অবরোধ অব্যাহত রাখায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।