প্রকাশ : ... | ... | ...

সম্পত্তির বিরোধে আবুল কালামের দাফনে বাধা, কবরস্থানেই হাতাহাতি


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

যশোর শহরের কারবালা কবরস্থানে আবুল কালাম আজাদ নামে এক বৃদ্ধের মরদেহ দাফনকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সিতারামপুর গ্রামের ওই বৃদ্ধের মরদেহ দাফনের প্রস্তুতিকালে কারবালা কবরস্থানে এ ঘটনা ঘটে। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দাফনের প্রস্তুতি চলার সময় আবুল কালাম আজাদের ভাগনী মাসুমার স্বজনেরা এতে বাধা দেন। সম্পত্তি বণ্টনে মাসুমাকে বঞ্চিত করা হয়েছে—এমন অভিযোগ তুলে তাঁরা আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। তবে আবুল কালাম আজাদের অপর স্বজনেরা ওই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, বিরোধপূর্ণ জমিটি আবুল কালাম আজাদ নিজেই নিলামের মাধ্যমে কিনেছিলেন। তাঁর বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তিও ভাইবোনদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছিল বলে দাবি করেন তাঁরা। মরদেহ সামনে রেখে কবরস্থানে স্বজনদের বিরোধে আশপাশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দাফনে বাধা দেওয়া পক্ষ কবরস্থান ত্যাগ করলে আবুল কালাম আজাদের মরদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়রা বলছেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা পারিবারিকভাবে আলোচনা অথবা আইনি প্রক্রিয়ায় সমাধান করা সম্ভব। তবে একজন মৃত ব্যক্তির দাফনকে কেন্দ্র করে কবরস্থানে এমন বিরোধ ও হাতাহাতির ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।