প্রকাশ : ... | ... | ...

সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের নথি চেয়েছে বিএফআইইউ, ১ ঘণ্টার মধ্যে সরবরাহের নির্দেশ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের যাবতীয় ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য জরুরি ভিত্তিতে তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোতে পাঠানো এক জরুরি বার্তায় তার আর্থিক বিবরণী পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ব্যাংকগুলোতে এই উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ই-মেইল বার্তাটি পাঠায় বিএফআইইউ। বার্তায় সালমান মুক্তাদিরের হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহক পরিচিতি নথি (কেওয়াইসি), অ্যাকাউন্ট স্টেটমেন্টসহ অর্জিত সুদ এবং উৎসে কর (টিডিএস) সংক্রান্ত তথ্যাদি নির্ধারিত এক্সেল ফাইলে যুক্ত করে সফ্টকপি আকারে দিতে বলা হয়। আগামী এক ঘণ্টার মধ্যে 'গোএমএল' (goAML) মেসেজ বোর্ডের মাধ্যমে এই তথ্য জমা দেওয়ার পাশাপাশি বিএফআইইউর পরিপত্র অনুযায়ী বিষয়টি কঠোর গোপনীয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত ‘নিউগিনি প্রপার্টিজে’ সালমান মুক্তাদিরের নিজস্ব কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটা এই ঘটনার পরপরই আর্থিক নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে তাঁর লেনদেনের এই সার্বিক তথ্য চাওয়ার পদক্ষেপ নেওয়া হলো। হামলার পর রাতেই সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেন, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’ হামলার ঘটনার পর তিনি প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুললেও পরবর্তীতে নিজের বক্তব্য সংশোধন করে জানান যে তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি। এই বিতর্ক ও ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, সালমান মুক্তাদিরের মতো ব্যাপক পরিচিত ও প্রভাবশালী কনটেন্ট ক্রিয়েটররা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।