প্রকাশ : ... | ... | ...

১৫ আগস্ট ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

১৫ আগস্ট উপলক্ষ্যে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন এলাকায় র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‌্যাব জানিয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পরিকল্পনা তৈরি করেছে। সংবেদনশীল স্থান চিহ্নিত করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অনুষ্ঠানস্থল ও এর আশপাশে নিরাপত্তার পাশাপাশি গমনাগমনের রুটগুলোতেও নজরদারি রাখা হচ্ছে। র‌্যাব জানিয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন করা হয়েছে এবং দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ১৫ আগস্টের অনুষ্ঠানগুলোতে নিষিদ্ধ সংগঠন বা উগ্রবাদী গোষ্ঠীর সদস্য কিংবা দুষ্কৃতকারীরা যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্কতা নেওয়া হয়েছে। আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম বাড়াতে এলাকাভিত্তিক কনট্যাক্ট, ইনফরমার ও সোর্সও নিয়োগ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। র‌্যাব নিজস্ব নেতৃত্বে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। অনলাইনে গুজব ও অপপ্রচার ঠেকাতেও নজরদারি বাড়িয়েছে র‌্যাব। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া কোনো এলাকায় বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে র‌্যাব।