প্রকাশ : ... | ... | ...

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি: সালাহউদ্দিন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সরাসরি ব্যাংক হিসাবে অবসর সুবিধার অর্থ পৌঁছে দেওয়ার কথা তুলে ধরে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের উদাহরণ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি।” অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্থ দেওয়ার বিষয়টি নির্বাচনী ইশতেহারে ছিল না উল্লেখ করে তিনি বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে টাকা দেওয়ার কথা ইশতেহারে ছিল না, এটাই ৩২ নম্বর। আর স্কুল ড্রেস দেওয়ার বিষয়টি ৩৩ নম্বর।” শিক্ষা খাতের উন্নয়নের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, উৎপাদনমুখী শিক্ষা চালু করা এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করার লক্ষ্য নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। কারিগরি শিক্ষাসহ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন উদ্যোগও তাঁর সময় নেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন। শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি অবসর সুবিধার আওতায় একজন শিক্ষক পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পাবেন বলেও তিনি জানান। এই অর্থ একজন দরিদ্র স্কুলশিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রামে থাকা একজন শিক্ষক, যিনি খুব বেশি বেতন পান না, তাঁর জন্য এই অর্থ অনেক বেশি। অবসর সুবিধার অর্থ পাওয়ার প্রক্রিয়ায় ডিজিটাল ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, বাড়িতে বসেই আইবিএএস প্লাস প্লাসের ডিজিটালাইজড পদ্ধতিতে শিক্ষকের ব্যাংক হিসাবে টাকা চলে যাচ্ছে। এ জন্য কোথাও এক টাকাও উৎকোচ দিতে হবে না।