প্রকাশ : ... | ... | ...

রাজধানীতে নারীর গলাকাটা মাথা ও দুই হাত উদ্ধার, বাকি মরদেহের সন্ধানে পুলিশ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ টুকরো করে সেখানে ফেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের বাগানবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে গলাকাটা মাথা ও বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করা হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। উদ্ধার হওয়া মাথা ও দুই হাত দেখে এটি একজন নারীর মরদেহ বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলের সহায়তায় আঙুলের ছাপ সংগ্রহ করা হবে বলে জানান ওসি। একই সঙ্গে মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সাইফুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হত্যার রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।