| ছবি: সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শিশুটির মায়ের করা মামলার ভিত্তিতে এ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী নিয়মিত আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে যেত। অভিযোগ, আরবি পড়ানোর সময় শিক্ষক শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আপত্তিকরভাবে হাত দেন। সোমবার সকালে আরবি পড়তে গিয়ে আবারও একই ধরনের ঘটনার শিকার হওয়ার অভিযোগ ওঠে। এরপর বিদ্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। শিক্ষিকা সামছুন্নাহার বিষয়টি জানতে চাইলে তার কাছে ঘটনার কথা জানায় শিক্ষার্থী। পরে শিক্ষিকা শিশুটির পরিবারকে অবহিত করেন। পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে বিষয়টি জানানো হয়। চেয়ারম্যান পরে শাহরাস্তি মডেল থানায় খবর দেন। অভিযোগ পাওয়ার পর শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান শিশুটির সঙ্গে কথা বলেন। এরপর পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।