| ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে এক দিনেই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে নতুন হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি না থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে বাজারে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫২ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। সাপ্তাহিক হিসাবেও ঊর্ধ্বমুখী রয়েছে বাজার। চলতি সময়ে ব্রেন্টের দাম প্রায় ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৫ দশমিক ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। তেলের বাজারে নতুন করে চাপ তৈরির পেছনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা। ১৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাঙ্কার ড্রোন হামলার শিকার হয়। হামলায় কেউ হতাহত না হলেও জাহাজ দুটির ক্ষতি হয়েছে। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। এর সঙ্গে হরমুজ প্রণালিতে স্বাভাবিক সময়ের তুলনায় জাহাজ চলাচল কমে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ আরও গভীর হয়েছে। বিশ্লেষক অ্যান্ড্রু লিপোর সতর্ক করেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দীর্ঘ সময় সীমিত থাকলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং তেলবাহী জাহাজ চলাচলের পরিস্থিতি আগামী দিনে আন্তর্জাতিক বাজারে তেলের দামের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংকট দীর্ঘ হলে দামের অস্থিরতা আরও বাড়তে পারে।