বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও প্রত্যাশার মধ্যে সোমবারের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকটি শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
ঢাকা-দিল্লির সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে।
এর এক দিন আগে রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক ভালো এবং সরকারি পর্যায়েও এই সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা করে ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, তারেক রহমান জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার খরচ কমানো এবং ভিসা আবেদন কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান দীনেশ ত্রিবেদী। ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ফলে বৈঠকটি ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে গুরুত্ব বহন করছে।