সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা তথ্য না দিতে মার্কিন ভিসাপ্রার্থীদের সতর্ক করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। মিথ্যা বললে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলেও জানিয়েছে দূতাবাস।
শনিবার সকাল ১০টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা ভিসাপ্রার্থীর অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। এ কারণে সাক্ষাৎকারে সঠিক তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।
ভিসাপ্রার্থীদের উদ্দেশে দূতাবাস বলেছে, ‘কনস্যুলার কর্মকর্তারা আপনার অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত।’
এর পরিপ্রেক্ষিতে প্রার্থীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, ‘তাই সাক্ষাৎকারে সত্য বলুন—মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।’