জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নিয়ে রোববার সকালে ঢাকায় পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ২০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলুর বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। পরে রোববার সকালে ঢাকায় অবতরণ করে উড়োজাহাজটি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সফরকালে সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ বৈঠক, সভা ও কর্মসূচিতে অংশ নেন তিনি।
নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার মধ্য দিয়ে তাঁর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকেন্দ্রিক সফর শেষ হলো।