অযৌক্তিক আন্দোলন ও রাজপথে সংঘাতের পরিবর্তে সংসদে যুক্তি তুলে ধরে সরকারের সমালোচনা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে জনগণই বিরোধী দলকে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের ওপর দায় চাপানোর বিরোধী দলের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দায় চাপিয়ে দেওয়ার কাজ বিরোধীদল করবেই, কিন্তু ব্লেম করা উচিত না।’
রাজপথের পরিবর্তে সংসদে রাজনৈতিক বক্তব্য ও যুক্তি উপস্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি। বলেন, ‘রাজপথের চেয়ে ভালো জায়গা সংসদ, সেখানে যুক্তি তুলে ধরুন। তারা যদি অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ ও দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের রিজেক্ট করবে।’
রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি নতুন প্রজন্মের সাংস্কৃতিক ও মানসিক বিকাশ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে জেলা প্রশাসকদের আরও তৎপর হওয়ার তাগিদ দেন তিনি।
বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব দীপংকর বিশ্বাস এবং ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।