আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে মৌলিক কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, শেখ হাসিনা ও তারেক রহমানের রাজনীতি একই পুরোনো ক্ষমতাকাঠামোর অংশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে দেশের রাজনীতিতে পারিবারিক আধিপত্যের সমালোচনা করে জনগণের মালিকানা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি লেখেন, ‘বাংলাদেশে কোনো পরিবার, দল বা গোষ্ঠী জমিদারি নয়।’ তাঁর মতে, দলীয় রাজনীতিতে স্বেচ্ছাচারিতা ও পারিবারিক আধিপত্যের পুরোনো কাঠামো ভেঙে ফেলা প্রয়োজন।
ফেসবুক পোস্টে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক পার্থক্য খোঁজারও সমালোচনা করেন তিনি। শেখ হাসিনা ও তারেক রহমানের রাজনীতিকে একই ধারার বলে উল্লেখ করে এ ধরনের রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আহ্বান জানান।
দেশে গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ওপরও জোর দেন এনসিপির এই নেতা।