দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ার পর গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়ার নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। অভিযানের সময় কাশিমপুর ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা এবং অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া জানান, সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ শোনার পাশাপাশি কার্যক্রম পর্যালোচনায় সেসব অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এরপরই কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযান চলাকালে ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এ পদক্ষেপের প্রশংসা করেন।
জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন ভূমি অফিসের বিরুদ্ধে লিখিতভাবে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেখানে দুর্নীতির তথ্য পাওয়া যাবে, সেখানে প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।