দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি ঢাকায় এসেছেন। তবে ভারত বা বাংলাদেশ—কোনো পক্ষই এখন পর্যন্ত সফরটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সরকারি ওই সূত্র জানিয়েছে, সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।
ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।
দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পরাগ জৈনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে সফরের উদ্দেশ্য বা প্রতিনিধি দলের কর্মসূচি সম্পর্কে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।