রাজধানীর ব্যস্ততম মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সহিংসতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
উচ্ছেদ চলাকালে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে স্থানীয় হকার ও ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে সিটি করপোরেশনের উচ্ছেদ দলের ওপর চড়াও হন এবং তাদের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।
একই সময়ে উত্তেজিত হকাররা ঘটনাস্থলে থাকা একটি ভেকু (খননযন্ত্র) এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।