দেশে গ্যাস সরবরাহ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হবে।
বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল চালু হওয়া নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় ধাপে ধাপে সংকট কাটবে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক পর্যায়ে পৌঁছানোর আশা করা হচ্ছে।
বিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বিদ্যুতের ভুতুড়ে বিলের ব্যাপারে সবাই অভিযোগ করছেন। তবে কেউই সঠিক কাগজ নিয়ে সংশ্লিষ্টদের কাছে আসছেন না।’
তিনি অভিযোগকারীদের প্রয়োজনীয় নথিপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান।
ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে। এসব বৈঠকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।