জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে অংশ নিতে বেলা ১১টার দিকে জকসুর কয়েকজন নেতা প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। এসব প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, অস্থায়ী হল নির্মাণ, মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান ও চিকিৎসক নিয়োগসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণের জন্য লেখা ছিল।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে জকসু নেতাদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে জকসুর নেতারা মিলনায়তনের প্রবেশপথের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। ওই সময় ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে সেমিনার ও অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর শহীদ মিনারের সামনে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।